রাজধানীতে প্রায় ৫ কোটি টাকার জাল স্ট্যাম্প-টাকাসহ গ্রেফতার ২

রাজধানীতে জাল স্ট্যাম্প, জাল ডলার ও জাল টাকাসহ মো. আলফাজ উদ্দিন (৬১) ও মো. মাসুদ (৪০) নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৪ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্প, জাল ডলার, জাল টাকা ও জাল স্ট্যাম্প বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয়।

আজ শুক্রবার বিকালে রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এস এম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

এসি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের মধ্যে আলফাজ উদ্দিন ঢাকা টেক্সেস বার অ্যাসোসিয়েশনের সহকারী হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং মাসুদ জাল স্ট্যাম্প, জাল ডলার ও জাল টাকা তৈরির মূল হোতা।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেগুনবাগিচায় এনবিআর ভবনের নিচ তলায় টেক্সেস বার অ্যাসোসিয়েশনের সামনে থেকে তিন লাখ ৪০ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্পসহ আলফাজ উদ্দিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতভর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে জাল স্ট্যাম্প বিক্রির হোতা মো. মাসুদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের জাল স্ট্যাম্প, জাল ডলার, জাল টাকা ও জাল স্ট্যাম্প বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর