খুলনায় মিস্ত্রীপাড়ায় লামিয়া নামে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী গুলিবিদ্ধ হয়েছে।
শুক্রবার(২৮ আগস্ট) বেলা ১১টার দিকে মহানগরীর মিস্ত্রীপাড়া বাজার এলাকার আরাফাত জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লামিয়া মহানগরীর আরাফাত জামে মসজিদ এলাকার বাসিন্দা মো. জামাল হোসেনের মেয়ে।
জানা যায়, নগরীর মিস্ত্রীপাড়া আরাফাত জামে মসজিদ এলাকার বাসিন্দা জামাল হোসেনের মেয়ে লামিয়া বেলা ১১টার দিকে বাসার গেটের সামনে দাঁড়িয়ে ছিল। এমন সময় বিপরীত পাশে ইউসুফ খাঁর বাড়ির দিক থেকে শর্টগানের একটি গুলি এসে লামিয়ার বাম পায়ের ওপরের অংশে বিদ্ধ হয়। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। সাথে সাথে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা বলেন, মেয়েটির জীবনের ঝুঁকি না থাকলেও পায়ের বড় ধরনের ক্ষতি হতে পারে।
খুলনা মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) কানাই লাল সরকার তিনি বলেন, ঘটনাটি শুনেছি। বিস্তারিত খতিয়ে দেখছি।
বার্তাবাজার/কে.জে.পি