‘বঙ্গবন্ধুর নাম সংবাদপত্রে ছাপাতে বাধা দিয়েছিল জিয়া সরকার’

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ৭৫ এর পর বঙ্গবন্ধুর নাম সংবাদপত্রে ছাপাতে বাধা দিয়েছিল জিয়া সরকার। বঙ্গবন্ধু বাংলাদেশ সৃষ্টি করেছিলেন বলেই স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ এ জায়গায় পৌঁছেছে।

আজ শুক্রবার(২৮ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে গণমাধ্যমের ভালো সম্পর্ক ছিল। সাংবাদিকরা বঙ্গবন্ধুর চিন্তা ভাবনাকে আগলে রেখেছিলেন। এখনো আগলে রাখতে হবে। বঙ্গবন্ধু শুধু একজন ব্যক্তি নন, বঙ্গবন্ধু একটি আদর্শ, বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান। সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। বঙ্গবন্ধুকে সার্বজনীন করতে চাই। সকল বিতর্কের উর্ধ্বে উঠে বঙ্গবন্ধুকে ধরে রাখতে হবে। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো অগ্রগতি হতে পারে না। ইতিহাসকে বাদ দিয়ে কখনো পথ চলা যায় না।

তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ সৃষ্টি করেছিলেন বলেই স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ এ জায়গায় পৌঁছেছে। এদেশে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে। রাজাকার আলবদরদের স্বপ্ন বাস্তবায়িত হবে না। পৃথিবীর ইতিহাসে বঙ্গবন্ধুই একমাত্র নেতা যিনি দুটি দেশের স্বাধীনতা সংগ্রামে সামনের সারিতে ছিলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু একমাত্র নেতা যিনি রাজনৈতিক দল সৃষ্টি করে দলকে মানুষের কাছে নিয়ে গেছেন। জনগণের আস্থা অর্জনের জন্য দ্বারে দ্বারে গেছেন। জনগণের বিশ্বাস স্থাপন করেছেন এবং তাঁর প্লাটফর্মে ঐক্যবদ্ধ করেছেন। স্বাধীনতা সংগ্রাম থেকে স্বাধীনতার ডাক দিয়েছেন। সে দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, আমরা জয়যুক্ত হয়েছি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর