ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) সকালে ভালুকা ও মুক্তাগাছা উপজেলায় পৃথক এ ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন জানান, সকাল ৯ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা পৌরসভার বাঘরা এলাকায় একটি মোটরসাইকেল ইউটার্ন নেয়ার সময় ময়মনসিংহগামী একটি ড্রামট্রাক চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক হেলাল খান (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কে মুক্তাগাছার কুমারগাতা ইউনিয়নের সত্রাশিয়া বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রঞ্জিত মিত্রের (৪৫) মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস।
কেএস/বার্তাবাজার