ইজিবাইক নিয়ে পালাতে গিয়ে জনতার হাতে স্বামী-স্ত্রী আটক

ফরিদপুরের বোয়ালমারীতে ইজিবাইক ছিনতাই করে পালানোর সময় চালকের চিৎকারে ছিনতাইকারী স্বামী-স্ত্রীকে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় চার জনকে আসামী করে বোয়ালমারী থানায় শুক্রবার মামলা দায়ের করেছেন ওই ইজিবাইকের মালিক মো. মাসুদ রানা।

থানা সূত্রে জানা যায়, জেলার মধুখালী উপজেলার বাগাট পশ্চিমপাড়া গ্রামের মো. আফসার উদ্দিন শেখের ছেলে মো. মাসুদ রানার ইজিবাইকটি চালায় তার ভাতিজা মিদুল। বৃ্হস্পতিবার (২৭ আগস্ট) ৩টার সময় বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের জামাল হোসেনের ছেলে মো. জুয়েল ইজিবাইকটি ভাড়া করে।

মধুখালি উপজেলার নওয়াপাড়া বাজার থেকে বোয়ালমারী উপজেলাধীন চন্দনী যাওয়ার কথা বলে ভাড়া নেয়। রওনা দেয়ার ঘন্টাখানেক পর জুয়েল ও তার দ্বিতীয় স্ত্রী রেশমা কৌশলে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে চালককে ফেলে ইজিবাইকটি নিয়ে পালানোর চেষ্টা করে। চালক বিষয়টি বুঝতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন ইজিবাইকসহ জুয়েল ও তার স্ত্রীকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। এসময় ঘটনার সঙ্গে জড়িত বাকি দুই আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন,’ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর