টাকা হারানোর শঙ্কায় ইভ্যালির গ্রাহকরা

নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য ডেলিভারি না দিয়ে ক্যাশব্যাকের নামে গ্রাহকের টাকা আটকে রেখে সমালোচনার তোপে আছে অনলাইন শপিং প্লাটফর্ম ইভ্যালি। গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইভ্যালি ডট কম এর চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেলের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।।

গত ৩-৪ দিন ধরেই ইভ্যালির কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছিল। অস্বাভাবিক ক্যাশ ব্যাক অফারের কথা বলে অর্থ নিয়ে গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করিয়েও পণ্য সরবরাহ না করার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। ইভ্যালির কার্যক্রমের তথ্য চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আইন-শৃঙ্খলা বাহিনীর সাইবার টিমগুলোও প্রতিষ্ঠানটির কাজকর্ম মনিটরিং করছে।

গতকাল বৃহস্পতিবার রাতে এ প্রতিষ্ঠান ও তার শীর্ষ দুই কর্মকর্তার ব্যাংক হিসাব জব্দের খবর ছড়িয়ে যাওয়ার পর গ্রাহকদের মধ্যে ‘ডেসটিনির মতো টাকা হারানোর শঙ্কা’ দেখা দেয়।

গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ইভ্যালি জানায়, শুক্রবার তাদের ফুড এবং এক্সপ্রেস শপ বন্ধ থাকবে। শনিবার থেকে পারশিয়াল ব্যালেন্স এবং পারশিয়াল ক্যাশ অন ডেলিভারিতে সার্ভিস আবারও শুরু হবে।

হঠাৎ করে জনপ্রিয় একটি সার্ভিস বন্ধ করে দেয়ায় গ্রাহকরা ইভ্যালির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে শঙ্কা প্রকাশ করেন। অনেকে অবিলম্বে তাদের রিফান্ডের টাকা ফেরত না দিলে আইনি প্রক্রিয়ায় যাওয়ারও হুমকি দিয়েছেন।

ইভ্যালিতে বর্তমানে ৩৫ লাখ গ্রাহক নিবন্ধিত রয়েছেন। প্রতিমাসে প্রতিষ্ঠানটি ৩০০ কোটি টাকার লেনদেন করে। প্রতিষ্ঠার পর ২০ মাসে গ্রাহকের কাছে দেড় হাজার কোটি টাকার পণ্য বিক্রি করেছে ইভ্যালি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর