চাচার হাতের কব্জি কেটে পুকুরে ফেলে দিলেন ভাতিজা!

কক্সবাজারের পেকুয়া উপজেলায় অপহরণ মামলার আসামি হয়ে জেল খাটার জেরে কুপিয়ে আলী হোসেন মুন্সি (৫০) নামে এক আওয়ামী লীগ নেতার হাতের কব্জি কেটে নিয়ে পুকুরে ফেলে দিলেন তার ভাতিজা। গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার(২৮ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড় মইয়াদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আলী হোসেন মুন্সি পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ড়ের সহসভাপতি। আহত আলী হোসেন ওই গ্রামের মৃত নূর আহমদের ছেলে ও ৩নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার সময় আলী হোসেন মুন্সি অটোরিকশাযোগে পেকুয়াবাজারে যাচ্ছিলেন। মইয়াদিয়া স্টেশনের উত্তর পাশে পৌঁছামাত্র তার ভাতিজা আলমগীর হোসেন আটোরিকশা থামিয়ে তার হাতের কব্জি কেটে নিয়ে পাশের পুকুরে ফেলে দেন। এ সময় তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেড়িকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এলাকাবাসী আরও জানান, কয়েক মাস আগে আলী হোসেনের কলেজ পড়ুয়া মেয়ে অপহৃত হয়। ওই ঘটনায় বড় ভাই আশ্রাফ মিয়ার ছেলে মো. আলমগীরকেও (৩০) আসামি করে মামলা করেন তিনি। এদিকে ঘটনা জানাজানি হলে এলাকাবাসী ওই পুকুরে মেশিন বসিয়ে পানি সেচে হাতের কব্জিটি উদ্ধার করেছেন।

পেশায় টমটমচালক আলমগীর অপহরণকাণ্ডে গ্রেফতার হয়ে জেলও খেটেছেন। কয়েক দিন আগে তিনি জামিনে মুক্তি পান।

পেকুয়া থানার ওসি কামরুল আযম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে মামলা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর