৪ শর্ত মানলেই উঠবে মিশার নিষেধাজ্ঞা

স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কট করেছে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৮ সংগঠন। তবে সম্প্রতি সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে কাজে ফেরার অনুমতি চেয়েছেন খল অভিনেতা মিশা।

তবে কাজে ফেরার জন্য চারটি শর্ত দিয়েছে সংগঠনগুলো।

শর্তগুলো হচ্ছে: ১. চলচ্চিত্রের স্বার্থে ১৯ সংগঠনের নীতিমালা মেনে কাজ করতে হবে। ২. শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করা যাবে না। ৩. মিশা সওদাগর যে ১৯ সংগঠনের নীতিমালা মেনে কাজ করছেন, তা শিল্পী সমিতির সকল সদস্যকে লিখিতভাবে জানিয়ে দিতে হবে। ৪. এছাড়াও অন্যায়ভাবে শিল্পী সমিতির ভোটাধিকার বঞ্চিত ১৮৪ জন শিল্পীর ভোটাধিকার আবার ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করতে হবে।

উপরোক্ত শর্ত মানলেই চলচ্চিত্রের কাজে কোনো বাধা থাকবে না মিশা সওদাগরের। এমনটাই জানালেন প্রযোজক ও প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম।

তিনি বলেন, ‘মিশা সওদাগর একজন পেশাদার শিল্পী। তিনি তার ভুল বুঝতে পেরে ১৯ সংগঠনের কাছে লিখিতভাবে অনুমতি চেয়েছেন। মিশার কারণে অন্য অন্য শিল্পীরাও কাজে ফিরতে পারছেন না। আমরা তাকে ৪টি গুরত্বপূর্ণ শর্ত দিয়েছি। তিনি শর্ত মানলেই তাকে নিয়ে কাজ করতে আর আমাদের কোনো আপত্তি থাকবে না। শর্তগুলো মানলেই আগামী মিটিংয়ে তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর