সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত মোহাম্মদ নাসিমকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কাজী জাহিদুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন।
গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ছেন বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার নুরুল আমিন।
তিনি বলেন, গত ২৩ আগস্ট হাইকোর্টের বিচারপতি ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের যৌথ বেঞ্চ কাজী জাহিদুর রহমানের জামিন আদেশ দেন। আদেশনামা রাজশাহী কারাগারে পৌঁছালে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি কারাগার থেকে মুক্তি পান।
প্রসঙ্গত গত ১ জুন রাতে মোহাম্মদ নাসিম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে ‘তার অসুস্থতা নিয়ে’ ব্যঙ্গ করে নিজের ফেসবুকে স্টাটাস দেন শিক্ষক কাজী জাহিদুর রহমান। সেই স্ট্যাটাসে সরাসরি মোহাম্মদ নাসিমের নাম উল্লেখ না থাকলেও স্পষ্ট তাকে ইঙ্গিত করে ‘বিষোদগার’ করার অভিযোগ ওঠে কাজী জাহিদুর রহমানের বিরুদ্ধে।
গত ১৭ জুন রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকার বাসিন্দা অ্যাডভোকেট তাপস সাহা বাদী হয়ে কাজী জাহিদুর রহমানের বিরুদ্ধে মতিহার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই দিন রাতেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক কোয়ার্টার থেকে কাজী জাহিদুরকে গ্রেফতার করে পুলিশ।
বার্তাবাজার/এসজে