নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরুতেই পৌর নির্বাচন

দেশের পৌরসভাগুলোর চলমান মেয়াদ শেষের দিকে। তাই একযোগে সকল পৌরসভায় নির্বাচনের আয়োজন করতে বিভিন্ন কার্যক্রম এগিয়ে রাখছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতেই নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর জানান, আমাদের পরিকল্পনা হচ্ছে নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে পৌরসভাগুলোয় একযোগে ভোটগ্রহণ করার। কেননা, ২০১৫ সালের ডিসেম্বর সর্বশেষ একযোগে সাধারণ নির্বাচন হয়েছিল এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানটিতে। এ ক্ষেত্রে শপথ হয়েছিল জানুয়ারিতে। সকল নির্বাচনে মেয়াদ পূর্ণ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়। কিন্তু পৌরসভায় মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়। এ হিসেবে আমাদের নভেম্বরের শেষ অথবা ডিসেম্বর প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে ভোট করতেই হবে।

তিনি আরও বলেন, এমন পরিকল্পনা নিয়েই আমরা এগোচ্ছি। তবে করোনা পরিস্থিতি যদি বর্তমানের চেয়ে ব্যাপক আকার ধারণ না করে, তবেই এই পরিকল্পনা কার্যকর করা যাবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিতে হবে।

এ দিকে ইসি কর্মকর্তারা জানান, দেশে পৌরসভা রয়েছে ৩২৮টি। এরমধ্যে নির্বাচনের উপযোগী রয়েছে ২৫৬টি। তবে এই সংখ্যা কমতে বা বাড়তে পারে। কেননা, মামলাসহ আইনি জটিলতার কারণে সংখ্যায় কিছুটা এদিক-সেদিক হওয়ার সম্ভাবনা থাকে।

উল্লেখ্য, সর্বশেষ দেশের পৌরসভাগুলো একযোগে ভোটগ্রহণ হয়েছিল ২০১৫ সালের ৩০ ডিসেম্বর। আর নির্বাচিত মেয়ররা শপথ নিয়ে প্রথম সভা করেছিলেন ২০১৬ সালের জানুয়ারিতে। আইন অনুযায়ী, নির্বাচিত পৌরসভার মেয়াদ হচ্ছে প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর। আর ভোট করতে হয় সময় শেষ হওয়ার আগে নব্বই দিনের মধ্যে। এক্ষেত্রে ২০১৬ সালের জানুয়ারি থেকে আগের ৯০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর