পূর্ব শত্রুতার জেরে জমির ধান বিষ প্রয়োগে পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

দিনাজপুরের খানসামা উপজেলার ছাতিয়ানগড় এলাকার কৈপাড়ায় পূর্ব শক্রতার জেরে দুই বিঘা জমির রোপা আমন ধান ক্ষেতে বিষ প্রয়োগ করে নষ্ট করে ফেলেছে দুর্বত্তরা। এতে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন জমি দেখাশোনা করার দায়িত্বে থাকা ভবেশ চন্দ্র বিশ্বাস (৫০)।

অভিযোগ থেকে জানা যায়, নিত্তানন্দ ঠাকুর এর নামীয় তফসিলভুক্ত রেকর্ডীয় জমিতে দীর্ঘদিন ধরে পূজা করে আসছেন ভবেশ চন্দ্র বিশ্বাস। নিত্তানন্দ ঠাকুরের পূজার যাবতীয় খরচ ওই জমির ফসল থেকেই বহন করা হয়। পূর্ব শক্রতার ফলে একই এলাকার দিজেন চন্দ্র সরকার (৪৮) ও তার ছেলে কাত্তিক চন্দ্র সরকার (২০) মিলে গত ২৩ আগস্ট রাত ১২ টার দিকে ধান ক্ষেতে বিষ প্রয়োগ করে। ফলে ধান ক্ষেতের সব ধান গাছ মরে যেতে থাকে।

নিত্তানন্দ ঠাকুরের পূজাকারী ও মাড়েয়া ভবেশ চন্দ্র বিশ্বাস অভিযোগ করে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে নিত্তানন্দ ঠাকুরের নামীয় তফসিলভুক্ত রেকর্ডীয় জমি দেখাশোনা করে আসছি। পূজামন্ডপের এই জমির ফসল দিয়েই দীর্ঘদিন ধরে পূজার যাবতীয় খরচ বহন করা হয়ে থাকে। কিন্তু পূর্ব শক্রতার কারণে দিজেন চন্দ্র সরকার ও তার ছেলে কাত্তিক চন্দ্র সরকার মিলে মন্ডপের এই জমির ফসল গুলোতে রাতের অন্ধকারে বিষ প্রয়োগ করে মেরে ফেলে। এতে আমার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

এর আগেও একই লোক ওই জমি নিজের দাবি করে আধাপাকা ধান ক্ষেতে অতিরিক্ত সার প্রয়োগ করে ধান ক্ষেত নষ্ট করে দিয়েছিল। এই ঘটনায় আমি নিজেই বাদি হয়ে খানসামা থানায় একটি অভিযোগ দায়ের করি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামাল হোসেন বলেন, ‘এরকম একটি অভিযোগ থানায় এসেছে। ইতোমধ্যে একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মাঠে গিয়ে বিষয়টি তদন্ত করছেন। তদন্তপূর্বক অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর