মহামারি করোনাকালে বাংলাদেশের সাথে ভারতের বিমান যোগাযোগ বন্ধহয়ে যায়। সেই যোগাযোগ পুনরায় চালু করার জন্য বাংলাদেশকে প্রস্তাব জানিয়েছে দেশটি। পাশাপাশি তাদের এয়ার বাবলে যুক্ত হওয়ার প্রস্তাবও দিয়েছে বাংলাদেশকে।
গতকাল (বৃহস্পতিবার) সচিবালয়ে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সাথে ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ সাক্ষাত করার সময় এই প্রস্তাব দেন। প্রতিমন্ত্রীও বিমান যোগাযোগ আবার চালু করার পক্ষে মত দেন।
মাহবুব আলী বলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট-লন্ডন সরাসরি বিমান চলাচল দ্রুত শুরু হবে। বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে যুক্তরাজ্যে ভ্রমণের ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর অধিবাসীদের জন্য সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে ট্রানজিট হিসেবে ব্যবহার অনেক বেশি সুবিধাজনক হবে।
এই প্রস্তাবের জবাবে ভারতীয় হাইকমিশনার একমত পোষণ করেন। রীভা গাঙ্গুলি দাশকে ভারতের বিদেশমন্ত্রকের সচিব (পূর্ব) হিসেবে পদায়িত হওয়ায় অভিনন্দন ও শুভকামনা জানান তিনি।
উল্লেখ্য, করোনার কারণে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু করতে পাকিস্তান বাদে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে এয়ার বাবল করার প্রক্রিয়া শুরু করেছে ভারত। বাণিজ্যিকভাবে আকাশপথে যোগাযোগ ব্যবস্থা চালু করার উদ্দেশ্যে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল ও ভুটানের সঙ্গে এয়ার বাবল তৈরির প্রস্তাব দিয়েছে তারা।
বার্তাবাজার/এসজে