প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে কেনাকাটায় দুর্নীতি হলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফ্রি রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ডেইরি উন্নয়ন প্রকল্পে কেনাকাটায় যদি কোন দুর্নীতি হয়ে থাকে, তাহলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাজাপ্রাপ্ত পলাতক খুনিদের বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার জন্য সরকার কাজ করছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, সারাদেশে বন্যায় যে ক্ষয়-ক্ষতি হয়েছে, আমরা একটি তালিকা তৈরি করেছি। ক্ষতিগ্রস্তদের খুব শিগগিরই সাহায্য করা হবে।
এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে খেলা শুরু করার ব্যাপারে কথা চলছে। আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের তালিকা অনুযায়ী শিগগিরই সাহায্য করা হবে।
করোনাকালীন সময়ে অসহায় ক্রীড়াবিদদের কয়েক কোটি টাকা দেয়া হয়েছে জানিয়ে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানান, স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে খেলা শুরু করার প্রক্রিয়া চলছে।
বার্তা বাজার / ডি.এস