করোনার নমুনা পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে অভিযুক্ত ডা. সাবরীনা আরিফের ২টি জাতীয় পরিচয়পত্রই (এনআইডি) ব্লক করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার(২৭ আগস্ট) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম অনলাইনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ‘সম্প্রতি দুর্নীতি দমন কমিশন-দুদক থেকে জেকেজির চেয়ারম্যান ডা. সাবরীনা আরিফের দ্বৈত ভোটার হওয়ার বিষয়ে ব্যাখ্যা চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়। তারপর আমরা তার দুটি পরিচয়পত্র যাচাইয়ের জন্য তদন্ত করি। তদন্ত করে দেখা গেছে, ডা. সাবরীনার দুটি জাতীয় পরিচয়পত্র রয়েছে। প্রথমটি করা হয়েছিল ২০০৯ সালে। যেটি মোহাম্মদপুর থানা নির্বাচন অফিস থেকে করা হয়। আর দ্বিতীয়টি গুলশান থানা নির্বাচন অফিস থেকে ২০১৬ সালে করা হয়। আইন অনুযায়ী প্রথমটি বৈধ, দ্বিতীয়টি অবৈধ। ফলে আমরা গুলশান থানা নির্বাচন অফিসকে চিঠি দিয়ে ডা. সাবরীনা আরিফের প্রতি জাতীয় নিবন্ধন আইনের ১৪ এবং ১৫ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছি। তার বিরুদ্ধে বিধিবর্হিভূতভাবে একাধিক আইডি সংগ্রহ করার অপরাধে মামলা করা হবে। একই সঙ্গে আরো বিস্তারিত তদন্তের স্বার্থে সাবরীনার দুটি পরিচয়পত্রই ব্লক করে দেওয়া হয়েছে।’
বার্তাবাজার/কে.জে.পি