ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্লাবন বিশ্বাস (১৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে দাদপুর ইউনিয়নের নুতুবদিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক প্লাবন বিশ্বাস দাদপুর ইউনিয়নের নুতুবদিয়া গ্রামের বিপ্লব বিশ্বাসের ছেলে। সে ফরিদপুর ইয়াসিন কলেজের এইচ.এস.সি ২য় বর্ষের শিক্ষার্থী।
থানা সূত্রে জানা যায়, রূপাপাত ইউনিয়নের টুংরাইল গ্রামের অষ্টম শ্রেণীর এক ছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় প্লাবন বিশ্বাস। এ ঘটনায় বৃহস্পতিবার ওই ছাত্রী থানায় এসে ওই যুবকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে লিখিত অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করেছে।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, স্কুলছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে প্লাবন বিশ্বাসকে আটক করা হয়েছে। এ সময় প্লাবন বিশ্বাসের ব্যবহৃত মোবাইল ফোন থেকে ওই ছাত্রীর কিছু ছবিও পাওয়া যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তা বাজার / ডি.এস