বিয়ের দু’সপ্তাহ পার নাহতেই বরের আত্মহত্যা!

কীটনাশক পানে গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের চকপাড়া গ্রামের নব বিবাহিত ফেরদৌসের (২২) নিভে গেল জীবনপ্রদীপ।

দুই সপ্তাহ আগে হাতে মেহেদি লাগিয়ে, গায়ে শেরোয়ানি জড়িয়ে বর সেজে বিয়ে করে নতুন বউ নিয়ে ফেরদৌস বাড়ি এসেছিল। কিন্তু ফেরদৌসের হাতের মেহেদির রং না মুছতেই কীটনাশক পানে চিরবিদায় নিয়ে পৃথিবীর বুক থেকে চলে যেতে হলো বরকে।

আজ বৃহস্পতিবার সকালে গফরগাঁও থানা পুলিশ ফেরদৌসের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরদৌস খুবই সহজ সরল। সে উপজেলার রসুলপুর চকপাড়া গ্রামের শহীদ মিয়ার ছেলে। মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ করত সে। গত দুই সপ্তাহ আগে ফেরদৌসকে বিয়ে করায় পরিবারের লোকজন।

বুধবার সন্ধ্যায় ফেরদৌস স্থানীয় রসুলপুর চৌরাস্তা বাজারে আড্ডা শেষে রাত ৮টার দিকে চলে আসে। আসার পথে বাড়ির পাশের জঙ্গলে কীটনাশক পান করে। তারপর বসতঘরের পেছনে পড়ে কাতরাতে থাকেন ফেরদৌস। টের পেয়ে পরিবারের লোকজন রাত ১১টার দিকে উদ্ধার করে তাকে। সাথে সাথে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই মিস্টার বুধবার রাতেই গফরগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা করেন।

গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলার ভিত্তিতে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর