ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির নিরাপত্তায় থাকা এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহতাবস্থায় ওই পুলিশকর্মীকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার(২৬ আগস্ট) সকালে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে নিরাপত্তাকর্মীদের চৌকিতে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ৬টার দিকে এ ঘটনাটি ঘটে। হঠাৎ গুলির শব্দে চমকে ওঠেন সবাই। তার পর চৌকিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন সশস্ত্র পুলিশের কনস্টেবল দিনেশ কর্মকারকে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, গোটা মুখ রক্তে ভেসে যাচ্ছিল ওই পুলিশকর্মীর। দ্রুত তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই পুলিশ সদস্যের অস্ত্রোপচার করা হয়েছে। গুলি লেগেছিল ওই পুলিশকর্মীর গালে। গুলি বের করা হয়েছে। এখন তার অবস্থা স্থিতিশীল। কলকাতা পুলিশের কর্তারা গুলির বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
পুলিশের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, দীনেশ কর্মকার ওই চৌকিতে কর্তব্যরত ছিলেন। বুধবার রাতে তিনি ডিউটিতে ছিলেন। বৃহস্পতিবার সকালে ডিউটি পরিবর্তনের সময়ে ঘটনাটি ঘটে।
তবে গোটা ঘটনা তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তারা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন। তবে ‘অ্যাক্সিডেন্টাল ফায়ার’ বা অসর্কতায় ঘটনাটি ঘটেছে বলেই ধারণা পুলিশকর্তাদের।
-আনন্দবাজার পত্রিকা।
বার্তাবাজার/কে.জে.পি