‘সিনেমা হল খোলার বিষয়ে সিদ্ধান্ত ১৫ সেপ্টেম্বরের পর’

করোনাভাইরাস পরিস্থিতির কারণে বন্ধ থাকা সিনেমা হলগুলো খোলার বিষয়ে আগামী ১৫ সেপ্টেম্বরের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, আপনারাদের সঙ্গে ইতোপূর্বেও সিনেমা হলগুলো খোলার ব্যাপারে আমি আলোচনা করেছি। তবে এ মাসে করোনায় প্রতিদিনের যে মৃত্যুর হার, মৃত্যুর সংখ্যা কিংবা আক্রান্তের সংখ্যা যেটি দেখতে পাচ্ছি, এটি আসলে খুব বেশি কমেছে বলে আমার কাছে মনে হচ্ছে না। কারণ গতকালও ৫৪ জন মৃত্যুবরণ করেছেন। এই পরিস্থিতিতে হল খোলাটা কতটুকু যৌক্তিক হবে সেটা একটা বড় প্রশ্ন।

তিনি আরও বলেন, আমি অনুরোধ জানাব, আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত পর্যবেক্ষণ করে তারপর আমরা বসে সিদ্ধান্ত গ্রহণ করব কখন খোলা যায়। আমার মনে হয়, আমরা অন্তত আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত পর্যবেক্ষণ করি। এরপর আপনাদের সঙ্গে বসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর