নজরুলের জীবনের প্রতিটি ঘটনা আমাদের উদ্বুদ্ধ করে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘গণতন্ত্রের অন্যতম শর্ত হচ্ছে নির্বাচন। সেই নির্বাচন এখন দিনের বেলায় হয় না, সে নির্বাচন চলে গেছে রাত্রে। এই যে এত বড় একটা অন্যায়, সেই অন্যায়ের বিরুদ্ধে আজও আমরা কথা বলছি, সত্য বলছি নজরুল ইসলামের অনন্য কীর্তিগুলো আছে বলেই। তার কালজয়ী, কালোত্তীর্ণ লেখাগুলো আছে বলেই আজও আমরা উজ্জীবিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছি’।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘যখন আমরা মিছিল করব, কবি নজরুল ইসলামের জীবন আমাদের প্রভাবিত করে। যখন সত্য উচ্চারণ করব, তখনো তার জীবন আমাদের প্রভাবিত করে। গণতন্ত্রের কথা বললে যখন আমাদের গ্রেপ্তার করা হয়, তখন কাজী নজরুল ইসলাম আমাদের উদ্বুদ্ধ করে স্বেচ্ছায় নির্যাতন ভোগ করতে। নজরুল ইসলাম আমাদের জাতীয় জীবনের প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত। তার জীবনের প্রতিটি ঘটনা আমাদের উদ্বুদ্ধ করে।’

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “আজকে গণতন্ত্র শূন্যতার এই যুগে দুঃশাসনের এই যুগে প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণে কাজী নজরুল ইসলাম আমাদের এমনভাবে আচ্ছন্ন করে রেখেছেন। যে দুঃসময়কে অতিক্রম করার জন্য, বেঁচে থাকার জন্য এবং সংগ্রামে উদ্বুদ্ধ করার জন্য কাজী নজরুল ইসলাম সব সময় আমাদের পাশে আছেন, আমাদের হৃদয়ে আছেন। তিনি আমাদের হৃদয়ে আছেন বলেই এত নিপীড়ন-নির্যাতনের মধ্যেও আমরা এখনো সত্য উচ্চারণ করছি গণতন্ত্রের পক্ষে লড়াই করছি।”

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর