কিশোরগঞ্জের কুলিয়ারচরে জুমেলা খাতুন নামে এক নারীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ও ২ জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ (বৃহস্পতিবার) কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এই রায় প্রদান করেন।
প্রকাশিত রায়ে, কুলিয়ারচর উপজেলার মধ্য গোবরিয়া গ্রামের আবু তাহেরকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, সিরাজুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং মিজানুর রহমান ও নজরুল ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। সাক্ষ্য-প্রমাণের অভাবে মামলার অপর আসামি মজিবুর রহমান মজনুকে বেকসুর খালাস প্রাদন করা হয়।
মামলার রায় দেওয়ার সময় সকল আসামিরা আদালতেই উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৮ মার্চ দিবাগত রাতে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে আসামিরা জুমেলা খাতুনের ঘরে ঢুকে তাকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ব্যাপারে ১০ জনকে আসামি করে প্রথমে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে অপরাধ তদন্ত বিভাগ(সিআইডি) মামলাটির তদন্তভার গ্রহণ করে তদন্তশেষে ২০১১ সালের ২১ মার্চ ইন্সপেক্টর কাজী কামালউদ্দিন আদালতে পাঁচ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন
মামলাটিতে বাদী পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করেন এপিপি সৈয়দ শাহজাহান ও আসামী পক্ষে অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌস।