চট্টগ্রামে কলেজে পায়নি মাধ্যমিকে জিপিএ-৫ পাওয়া ৪৪২ শিক্ষার্থী

সম্প্রতি প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েও উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য কোনো কলেজ পায়নি চট্টগ্রামের ৪৪২ শিক্ষার্থী।

ভর্তির আবেদন করার সময় পছন্দ তালিকায় সর্বোচ্চ ১০টি কলেজ দেওয়ার সুযোগ থাকলেও তারা ৫-৬টি কলেজ পছন্দ করেছিল। তাই ২৫ আগস্ট রাতে পদেওয়া তালিকায় তাদের ঠাঁই হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।

এ বিষয়ে চটতগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক বলেন, এ নিয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী এবং অভিভাবকদের হতাশ হওয়ার কিছু নেই। ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে ২য় দফায় পুনরায় আবেদন করার সুযোগ রয়েছে প্রথম দফায় কলেজ না পাওয়া শিক্ষার্থীদের। ২য় দফায় আবেদনের সময় তাদের আবেদন ফি দিতে হবে না। কলেজের পছন্দক্রম পরিবর্তন, নতুন কলেজ যুক্তকরণ বা কোন কলেজ বাদ দেয়ার মাধ্যমে আগের (প্রথম দফায় করা) আবেদনটি আপডেট বা সংশোধন করলেই চলবে।

তিনি আরও বলেন, সর্বোচ্চ দশটি কলেজে আবেদনের সুযোগ থাকলেও জিপিএ-৫ পাওয়া অনেক শিক্ষার্থী পছন্দের ক্ষেত্রে ৫-৬ টির বেশি কলেজ দেয়নি। তাদের ধারণা ছিল, জিপিএ-৫ পাওয়ায় ৫-৬টি কলেজে আবেদন করলেই হবে। আর বেশি করার দরকার নেই। কিন্তু যেসব কলেজে তারা আবেদন করেছে, সেসব কলেজে তাদের তুলনায় বেশি নম্বর প্রাপ্ত আবেদনকারীর সংখ্যা হয়তো বেশি ছিল। যার কারণে আবেদন করা ওই ৫-৬টি কলেজে তাদের সুযোগ হয়নি। কিন্তু সর্বোচ্চ সংখ্যক (১০ টি) কলেজে আবেদন করলে এ সমস্যা হতো না। ’

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির তথ্য অনুযায়ী, ২৫ আগস্ট রাতে প্রকাশিত প্রথম পর্যায়ের ফলাফলে চট্টগ্রামের কলেজগুলোতে ভর্তির জন্য মোট ১ লাখ ৯ হাজার ৭৯৯ জন শিক্ষার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছে। আর ৫ হাজার ৩৪ জন শির্ক্ষাথী ভর্তির জন্য প্রথম তালিকায় কোন কলেজ পায়নি। এর মধ্যে সর্বোচ্চ জিপিএ-৫ ধারী ৪৪২ জন শিক্ষার্থীও রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর