বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখায় উজ্জীবিত হয়ে আজও বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (বৃহস্পতিবার) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
বিএনপির এই মুখপাত্র বলেন, গণতন্ত্রের অন্যতম শর্ত হচ্ছে নির্বাচন। সেই নির্বাচন এখন দিনের বেলায় হয় না, সে নির্বাচন চলে গেছে রাত্রে। এই যে এত বড় একটা অন্যায়, সেই অন্যায়ের বিরুদ্ধে আজও আমরা কথা বলছি, সত্য বলছি নজরুল ইসলামের অনন্য কীর্তিগুলো আছে বলেই। তাঁর কালজয়ী, কালোত্তীর্ণ লেখাগুলো আছে বলেই আজও আমরা উজ্জীবিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছি।
তিনি আরও বলেন, ‘যখন আমরা মিছিল করব, কবি নজরুল ইসলামের জীবন আমাদেরকে প্রভাবিত করে। যখন সত্য উচ্চারণ করব, তখনও তাঁর জীবন আমাদেরকে প্রভাবিত করে। গণতন্ত্রের কথা বললে যখন আমাদেরকে গ্রেপ্তার করা হয়, তখন কাজী নজরুল ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করে স্বেচ্ছায় নির্যাতন ভোগ করতে। নজরুল ইসলাম আমাদের জাতীয় জীবনের প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত। তাঁর জীবনের প্রতিটি ঘটনা আমাদেরকে উদ্বুদ্ধ করে।
বার্তাবাজার/এসজে