রিজেন্টের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলার অভিযোগ গঠন গুনানি আজ বৃহস্পতিবার। এ বিষয়ে শুনানি হবে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে।
গত ১৯ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মামলার চার্জশিট গ্রহণ করেন। একই সঙ্গে, মামলার চার্জ গঠনের জন্য বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিন ধার্য করেন।
গেল ১৩ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াত মামলার চার্জশিটে (অভিযোগপত্র) স্বাক্ষর করেন। পরে মামলার নথি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে বদলি করেন।
ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে গত ৩০ জুলাই আসামি রিজেন্টের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. শায়রুল।
ওইদিন দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন বলেন, অস্ত্র মামলার ক্ষেত্রে ১৫ দিনের চার্জশিট দাখিলের বাধ্যবাধকতা রয়েছে, আমরা এর মধ্যেই করেছি।
বার্তাবাজার/এমকে