ডিআইজি বজলুর বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে দুদক

জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের মামলায় উপ-কারা মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) বজলুর রশীদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল (বুধবার) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন এই চার্জশিট জমা দেন। পরে এ বিষয়ে শুনানির জন্য আগামী ১ সেপ্টেম্বর তারিখ ধার্য করেন আদালত।

আদালতের সংশ্লিষ্ট দুদক শাখা থেকে এসব তথ্য জানান।

এর আগে বজলুর রশীদের বিরুদ্ধে অবৈধ উপায়ে উপার্জিত টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্ত্রীকে পাঠানোর অভিযোগের অনুসন্ধানে নামে দুদক। এর অংশ হিসাবে ২০১৯ সালের ২০ অক্টোবর বজলুর রশীদ ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন।

জিজ্ঞাসাবাদে রুপায়ন হাউজিং এস্টেট থেকে ৩ কোটি ৯ লাখ টাকার একটি ফ্ল্যাট কেনার তথ্য পায় দুদক। বজলুর রশীদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুদক তার বিরুদ্ধে মামলা করে এবং তাকে গ্রেফতার করে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর