স্পেনে নতুন করে ২ শতাধিক বাংলাদেশি করোনায় আক্রান্ত

স্পেনে নতুন করে দুই শতাধিক বাংলাদেশির করোনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে দেশটির রাজধানী মাদ্রিদে ৬ জন এবং বার্সেলোনায় ৪ জন রয়েছে।

মাদ্রিদের মানবাধিকার সংস্থা ভলিয়ান্তে বাংলার দেয়া তথ্য মতে, মাদ্রিদে বর্তমানে বাংলাদেশি করোনায় আক্রান্তের সংখ্যা ১১৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৪ জন। পর্যটন শহর বার্সেলোনায় বাংলাদেশিদের মধ্যে নতুন আক্রান্তের সংখ্যা অর্ধশতকের ওপরে।

ইউরোপের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত দেশের তালিকায় বর্তমানে স্পেন প্রথমে আছে। আর বৈশ্বিক পরিসংখ্যানে ৬ নম্বরে। এর মধ্যে স্পেনে করোনায় মৃতের সংখ্যা প্রায় ৩০ হাজারের কাছিকাছি। আক্রান্ত হয়েছে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৪ লাখ।

রাষ্ট্রীয় সতর্কতা উঠিয়ে নেয়ার পর বর্তমানে স্পেনে দ্বিতীয় ধাপে করোনার মহামারি ছড়িয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে। ২৪ ঘণ্টায় স্পেনে রেকর্ড সংখ্যক তিন হাজার ৫৯৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে। মারা গেছে ৪৭ জন। আক্রান্তের প্রায় অর্ধেকই রাজধানী মাদ্রিদে (১৫১৩ জন)।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর