প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান (৪২)। বুধবার রাত সাড়ে ১০টায় ঢাকার রাজারবাগ বাংলাদেশ পুলিশের সেন্ট্রাল হাসপাতালে তার মৃত্যু হয়।
প্রায় দুুই সপ্তাহ আগে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হন এসএম আরিফুর রহমান। প্রথমে তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশের সেন্ট্রাল হাসপাতালে নেয়া হয়। সেখানে তার পরিস্থিতির আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। বুধবার রাতে তিনি না ফেরার দেশে চলে যান।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত ওসির মৃত্যু বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় কুষ্টিয়া পুলিশ লাইনে স্বাস্থ্যবিধি মেনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আরিফুরের মরদেহ খুলনায় তার গ্রামের বাড়িতে পাঠানো হবে।
মৃত এসএম আরিফুর রহমানের বাড়ি খুলনার রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামে। তার এক বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। কুষ্টিয়ার বিভিন্ন থানায় পুলিশের এসআই হিসেবে চাকরি করে মানুষের প্রশংসা কুড়ান তিনি। পরে পদোন্নতি পেয়ে ওসি হয়ে দৌলতপুর থানায় যোগ দেন। জেলার সব মহলে একজন সৎ ও সজ্জন পুলিশ অফিসার হিসেবে পরিচিত ছিলেন আরিফুর।
বার্তা বাজার / ডি.এস