‘তখন তো আপনারা একটা ধন্যবাদ জানাতেও ব্যর্থ’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুলকে বলতে চাই, একটি দেশের নাম বলুন, যে দেশ বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দিয়ে মানবিকতার এমন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

আজ বুধবার (২৬ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শ্রমিক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয়, বাসস্থান, আহার দিয়ে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন। সারাবিশ্ব যখন শেখ হাসিনার মানবতার এবং মানবদরদী ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ তখন তো আপনারা একটা ধন্যবাদ জানাতেও ব্যর্থ হয়েছেন।

বিএনপির উদ্দেশ্যে কাদের বলেন, একদিন ত্রাণসহায়তা করতে গিয়ে আপনারা ফটোসেশন করে ফিরে এসেছেন। আওয়ামী লীগের কেন্দ্র থেকে উপজেলা পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা মাসের পর মাস মানবিক সহায়তা নিয়ে তাদের পাশে ছিল। সরকারের ভালো কাজের প্রশংসা না করে উল্টো আপনারা কল্পিত ব্যর্থতার অভিযোগ তুলেছেন।

কাদের আরও বলেন, সরকার জীবিকার চাকা সচল রাখতে যখন গার্মেন্টস ফ্যাক্টরি খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল তখন বিএনপি দেশকে ভয়ংকর বিপর্যয়ের মুখে ঠেলে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে এবং শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্তের ফলে এতদিন পরেও বিশেষজ্ঞদের অবাক করে দিয়ে আশঙ্কা অনুযায়ী গার্মেন্টস ফ্যাক্টরিতে সংক্রমণ ছড়ায়নি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর