ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক ইস্যুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে নিরাশ করেছে সুদান। ইহুদিবাদী এই রাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক করার কোনো পরিকল্পনা নেই বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে সাফ জানিয়ে দিয়েছেন সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদক।
মঙ্গলবার খার্তুমে সুদান সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে এ কথা জানিয়ে দেন আব্দাল্লাহ হামদক। আরব ও আফ্রিকার দেশগুলোকে ইসরাইলের পক্ষে মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সুদান সফরে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ‘ইসরাইলের পক্ষ হয়ে পাঁচদিনের সফরে তেমন সুবিধা করতে পারেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ট্রাম্প-নেতানিয়াহুর আশার গুড়ে বালি দিয়ে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি সরাসরি প্রত্যাখ্যান করেছে সুদান’।
সুদানের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জানান, ‘ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত নেয়ার ম্যান্ডেট এই সরকারের নেই। এ ধরনের সিদ্ধান্ত নিতে হলে অন্তর্বর্তী সময় পেরিয়ে দেশে স্বাভাবিক পরিস্থিতি আসতে হবে’।
হামদুক স্পষ্ট করে বলেন, সুদানে বর্তমানে বহু মতের জোট সরকার রয়েছে এবং তারা সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করছে। এর মধ্যে দেশের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সাধারণ নির্বাচন অনুষ্ঠান বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
অন্যদিকে আরব ও আফ্রিকার মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে দৌড়ঝাঁপ করেছে ইসরাইলি গোয়েন্দা বাহিনী।
বার্তা বাজার / ডি.এস