ইউনিলিভার বাংলাদেশের নতুন চেয়ারম্যান কেদার লেলে

দেশের বৃহত্তম ভোগ্যপণ্য প্রস্তুতকারী কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং এমডি কেদার লেলেকে কোম্পানিটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি কামরান বকরের স্থলাভিষিক্ত হলেন। ২০১২ সালে দায়িত্ব নিয়ে গত প্রায় ৮ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কামরান বকর।

আজ বুধবার (২৬ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন চেয়ারম্যান নির্বাচনে ২৫ আগস্ট কোম্পানির পরিচালনা পর্ষদের ১৮০-তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে কেদার লেলেকে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ‘চেয়ারম্যান’নির্বাচিত করা হয়।

কেদার লেলে ২০১৭ সালের ০১ জুন চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডে যোগ দেন। এর ছয় মাস পর ২০১৮ সালের ০১ জানুয়ারি তাকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব দেওয়া হয়। তিনি এখন একই সঙ্গে কোম্পানির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করবেন। লেলে বিদেশী বিনিয়োগকারীদের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সহ-সভাপতিও রয়েছেন।

প্রায় ২০ বছরের পেশাগত জীবনে তিনি বিজ্ঞাপন, ইন্টারনেট ব্যবসা এবং ভোগ্যপণ্য কোম্পানির বিক্রয় ও বিপণন শাখায় মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছেন। তার এই দুই দশকের পেশাগত জীবনের ১৫ বছরেরও বেশি সময় তিনি পার করেছেন ইউনিলিভারের সঙ্গে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর