মেসিকে নেয়ার দৌড়ে এগিয়ে তিন ক্লাব

গতকাল (মঙ্গলবার) বার্সায় না থাকার বিষয়ে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। এরপরই ইউরোপের বড় বড় ক্লাবগুলোও মেসিকে দলে নিতে রীতিমতো হুমড়ি খেয়ে পড়ে।

তবে এ দৌড়ে এগিয়ে আছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান এবং নেইমারের ক্লাব। কেনো এ তিন ক্লাব এগিয়ে, তা ব্যাখ্যা করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

ইন্টার মিলান

মেসিকে নিজেদের ঢেরায় ভেড়াতে গত কয়েক মৌসুম ধরেই আগ্রহ প্রকাশ করছে ইন্টার মিলান। ইতালিয়ান সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়েছে, মেসিকে দলে নেয়ার জন্য ২৬০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে রাজি আছে ইন্টার। যা কি না ইউরোপিয়ান ফুটবলে ট্রান্সফারের রেকর্ড।

ইন্টার মিলানে যোগ দিলে আবারও ফুটবল প্রেমীরা দেখবে মেসি ও রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা। যেমনটা দেখা গেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে, তেমনটা দেখা যেতে পারে ইন্টার মিলান ও জুভেন্টাসের মধ্যকার লড়াইয়ে।

ম্যানচেস্টার সিটি

বার্সায় মেসির শুরুটা হয়েছিলো পেপ গার্দিওলার অধীনে। সেসময় বলা যায় মেসির স্বর্ণসময় ছিলো। গার্দিওলার চার মৌসুমে মেসি কাটিয়েছেন নিজের ক্যারিয়ারের সেরা সময়। তাই হয়ত ক্যারিয়ারের শেষ সময়ে আবারো গুরুর কাছে ফিরে যেতে পারেন লিও।

প্যারিস সেইন্ট জার্মেই

মেসিকে নিজেদের শিবিরে ভেড়াতে যা করা প্রয়োজন তার সবকিছু করতে রাজি ফ্রান্সের চ্যাম্পিয়ন ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। একই দলে রয়েছেন নেইমার জুনিয়র ও কাইলিয়ান এমবাপের মতো খেলোয়াড়রা। মেসিও যোগ দিলে ক্লাবের শক্তি বেড়ে যাবে আরও।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর