বগুড়ায় বাস চাপায় প্রাণ গেল ভ্যানচালকের

বগুড়ার শেরপুরে বাসের চাপায় রুবেল হোসেন (৪০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সোয়া ১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।

নিহত রুবেল শেরপুর উপজেলার বাগড়া কলোনি এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার সকাল ৯টার দিকে উপজেলার শেরপুর সদর থেকে যাত্রীবাহী একটি বাস গোসাইবাড়ী যাবার পথে হোসনাবাদ হাজ্বীরোড এলাকায় পৌঁছালে বাসটি বিপরীত দিক থেকে আসা ঐ অটো ভ্যানকে চাপা দিলে ভ্যানের চার যাত্রীসহ চালক রুবেল গুরুতর আহত হন।

পরে আহতদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার আরও অবনতি হলে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মৃত্যু হয় ভ্যান চালক রুবেলের।

বগুড়া ছিলিমপুর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর