বঙ্গবন্ধু হত্যাকান্ডের ঘটনায় খালেদা জিয়াও অপরাধী: তথ্যমন্ত্রী

বঙ্গবন্ধুর হত্যাকান্ডকে উপহাস করা ও হত্যাকারীদের আশ্রয় প্রশ্রয় দেয়াসহ বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকীতে ভুয়া জন্মদিন পালন করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও বঙ্গবন্ধু হত্যাকান্ডের সমান অপরাধী বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ (বুধবার) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ন্যাশনাল আওয়ামী পার্টি- প্রগতিশীল ন্যাপ (ভাসানী) আয়োজিত আলোচনা সভায় উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কুশিলব জিয়াউর রহমান। তার স্ত্রী খালেদা জিয়ার ওপর যথাযথ সম্মান রেখেই বলতে চাই, আমি মনে করি জিয়াউর রহমান যেমন অপরাধী, খালেদা জিয়াও হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ায় অপরাধী। বঙ্গবন্ধুর খুনিকে, যার ফাঁসি হয়েছে, তাকে তিনি গাড়িতে পতাকা লাগিয়ে দিয়েছেন, মন্ত্রীর মর্যাদা দিয়েছেন। ’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া, এত বছর ধরে তার নানা জন্মতারিখ ছিল, হঠাৎ ১৯৯৫ সালে তিনি ১৫ আগস্টে জন্মদিন উদযাপন শুরু করলেন। এগুলো ফৌজদারি অপরাধ। খালেদা জিয়াও অপরাধী। এ কারণে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কুশিলব জিয়াউর রহমানের মুখোশ যেমন উন্মোচন করা প্রয়োজন, তেমনি হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া, হত্যাকাণ্ডকে উপহাস করা, ১৫ আগস্ট ভুয়া জন্মদিন উদযাপনের জন্য খালেদা জিয়ারও বিচার হওয়া প্রয়োজন। এটি সময়ের দাবি। ’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর