বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী আপনি তো ক্ষমতায় টিকে আছেন বন্দুকের নলের জোরে। বন্ধুকও অনেক সময় কাজ করে না, অকার্যকর হয়ে যায় জনগণের শক্তির কাছে। রাজপথের ব্যারিকেডে সরকার ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।
বুধবার(২৬ আগস্ট) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইসহাক সরকার কি অপরাধ করেছে যে ওর নামে ৩০০টি মামলা। সে তো ফরিদপুরে ছাত্রলীগ নেতার মত টাকা পাচার করেনি। সে তো খালেদ, শামীম, সম্রাটের মত ক্যাসিনো ব্যবসা করেনি, তারপরও কেন আজ সে দুই বছরের অধিককাল কারাগারে।
রিজভী বলেন, টাকা পাচারের সঙ্গে জড়িত ইসহাক সরকার? সে কি ক্যাসিনোর সঙ্গে জড়িত? যারা দীর্ঘ ১০ বছর প্রচণ্ড প্রতাপে ক্যাসিনো ব্যবসা করে আসছে এরা কারা? এরা সবাই ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে টাকা নিয়ে দর কষাকষি করে যে, ছাত্রলীগের জন্য এই টাকাটা দিতে হবে।
তিনি বলেন, আপনি প্রধানমন্ত্রী ১৫ই আগস্ট এবং ২১শে আগস্ট নিয়ে কত কথাই বলছেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে।
রিজভী আরও বলেন, প্রধানমন্ত্রীর মনের ইচ্ছা কি আপনারা জানেন? তার মনের ইচ্ছা আমি যা বলব ওইটাই বিশ্বাস করতে হবে, আমি অন্যায় বলবো, মিথ্যা বলবো, কলঙ্ক লেপন করব, বাজে কথা বলবো দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে সুতরাং তার বিরুদ্ধে কেউ কথা বললে, ডিজিটাল নিরাপত্তা আইন বিচারবহির্ভূত হত্যা-গুম একটার পর একটা তিনি কর্মসূচি সাজিয়ে রেখেছেন।
বার্তাবাজার/কে.জে.পি