রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের নামে রাজধানীর পল্লবী থানায় করা প্রতারণার মামলায় আবারও ছয় দিনের রিমন্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৬ আগস্ট) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
এদিকে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ১০ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পদ্মা ব্যাংকের (সাবেক দি ফারমার্স ব্যাংক) অর্থ আত্মসাতের মামলায় সাহেদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৬ জুলাই রাজধানীর উত্তরা ও মিরপুরে সাহেদের মালিকানাধীন রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাব। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে।
পরেরদিন গেল ৭ জুলাই রাতে ১৭ জনকে আসামি করে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করা হয়। পরে মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়।
বার্তাবাজার/এমকে