বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় শিশু আদালতে তৃতীয় দিনে শেষ সাক্ষ্য দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ূন কবির।
গতকাল মঙ্গলবারও শিশু আদালতে তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তার জবানবন্দী শেষ হলে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। অপর দিকে জেলা ও দায়রা জজ আদালতে প্রাপ্তবয়স্ক ১০ আসামির আজ বুধবার যুক্তিতর্ক শুরু হয়েছে।
করোনাভাইরাসের কারণে পাঁচ মাস বিচারকার্য বন্ধ থাকার পর রোববার শিশু আদালতে আবার বিচারকার্য শুরু হয়।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বরগুনা কারাগারে থাকা শিশু ওয়ার্ড থেকে ছয়জন অপ্রাপ্তবয়স্ক কিশোরকে বরগুনা শিশু আদালতের বিচারক ও জেলা জজ মো. হাফিজুর রহমানের আদালতে পুলিশ পাহারায় হাজির করা হয়। অপ্রাপ্তবয়স্ক কিশোর আসামিরা হলো, রাশেদুল হাসান রিশান ফরাজি, ওয়ালিউল্লাহ অলি, তানভির হোসেন, রাকিবুল হাসান রিফাত হাওলাদার, আবদুল্লাহ রায়হান ও নাঈম।
জামিনে থাকা আটজন কিশোর আসামিও আদালতে উপস্থিত ছিল। সকাল সাড়ে ১০টায় অপ্রাপ্তবয়স্ক কিশোরদের জন্য বিশেষ কক্ষে আদালতের কার্যক্রম শুরু হয়।
বার্তাবাজার/এমকে