চুয়াডাঙ্গা সদর উপজেলায় রান্নার জন্য ডেকে নিয়ে দুই বোনকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই দুই নারী ডেকোরেটরে বাবুর্চির কাজ করেন। তাদেরকে রান্নার জন্য ডাকা হলে পেশাদারিত্বের জন্য তারাও যান।
সোমবার (২৪ আগস্ট) রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার (২৫ আগস্ট) দর্শনা থানা পুলিশ নির্যাতিত ওই দুই নারীকে উদ্ধার করেছে। এ ঘটনায় আনোয়ার হোসেন সুমন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ বিষয়ে দর্শনা থানার ওসি মাহব্বুর রহমান জানান, বোয়ালিয়া গ্রামের রইচ উদ্দীনের ছেলে আনোয়ার হোসেন সুমন (২৬) গত সোমবার বিকালে ওই দুই বোনকে নিজ এলাকাতে নিয়ে আসেন। এরপর তার বন্ধু মিলনের বাড়িতে রেখে ৫ জন মিলে রাতভর তাদেরকে ধর্ষণ করা হয়। মঙ্গলবার দুপুরে পুলিশ খবর পেয়ে নির্যাতিত দুই বোনকে উদ্ধার করে।
এ ঘটনায় নির্যাতিত দুই নারী মঙ্গলবার রাতে ৫ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে আনোয়ার হোসেন সুমনকে গ্রেপ্তার করেছে।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, নির্যাতিত দুই নারীকে আজ বুধবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করা হবে। এ ঘটনায় অভিযুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
বার্তাবাজার/এসজে