লেবাননের বৈরুতে বিস্ফোরণের ঘটনায় আহত আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় আনুমানিক ৩টায় লেবাননের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় মারা যান। নিহত যুবকের নাম মো. আবু জামাল (২৫)।
নিহত জামাল নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের দুধ মিয়ার ছেলে। এনিয়ে লেবাননে বিস্ফোরণের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার তিনজনের মৃত্যু হয়েছে।
নিহত জামালের পরিবার জানায়, ২০১৮ সালে কোম্পানি ভিসায় লেবাননে পাড়ি জমিয়েছিলেন তিনি। গত ৪ আগস্ট বৈরুত বন্দরের পিৎজা শপে কাজ করছিলেন জামাল। এ সময় শক্তিশালী বিস্ফোরণে তার কর্মস্থল পিৎজা শপটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় হয় এবং জামাল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দেশটির একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার তার মৃত্যু হয়।
নিহতের বাবা দুধ মিয়া বলেন, ‘মৃত্যুর আগে ছেলে আমাদের কান্নাকাটি করতে না করেছিলো। বলেছিলো দ্রুত সুস্থ হয়ে যাবে।’ ছেলের লাশ দ্রুত দেশের মাটিতে ফিরিয়ে আনার জন্যে সরকারে সহায়তা চান তিনি।
বিদ্যাকুট ইউপি চেয়ারম্যান এনামুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৈরুতের জোড়া বিস্ফোরণের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আরও দুইজন নিহত হন। তারা হলেন সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের ভাদেশ্বরা গ্রামের তাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান রনি (২৫) এবং কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে মো. রাসেল (২২) মারা যান।
বার্তা বাজার / ডি.এস