গাইবান্ধার সাঘাটায় সুদের ৭ হাজার টাকা পরিশোধ করতে না পারায় দাদন ব্যবসায়ীর রডের আঘাতে তোফাজ্জল হোসেন (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত তোফাজ্জল হোসেন উপজেলার ছিলমানেরপাড়া গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের ছিলমানের পাড়া গ্রামের আব্দুল্লাহ হোসেনের ছেলে নজির হোসেনের কাছে থেকে কিছুদিন পূর্বে ১৫ হাজার টাকা সুদের উপর নিয়েছিল তোফাজ্জল হোসেন। লাভের ১৫ হাজার টাকার মধ্যে সাত হাজার টাকা দিতে দেরি করায় সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাতে দাদন ব্যবসায়ী নজির হোসেন তার লোকজন নিয়ে তোফাজ্জল হোসেনের বাড়িতে এসে অতর্কিত হামলা চালায় এবং রড দিয়ে মাথায় সজোরে আঘাত করে।
আহত অবস্থায় তোফাজ্জলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
বার্তা বাজার / ডি.এস