বাগেরহাটের শরণখোলায় ছাগলে ধানের বীজ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জাকির জমাদ্দার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার পূর্ব ধানসাগর গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলার ধানসাগর ইউনিয়নের মেম্বর মোঃ আলতাফ হোসেন ও নিহতের স্ত্রী শিউলি বেগম জানান, পূর্ব ধানসাগর গ্রামের ছোমেদ জোমাদ্দারের পুত্র হুমায়ুন জমাদ্দারের একটি ছাগলের বাচ্ছা প্রতিবেশী বংশীয় হালিম জমাদ্দারের পুত্র মন্টু জমাদ্দারের (৪০) ধানের বীজ খেলে তিনি ছাগলের গায়ে কাদা মেখে দেন। কাদা মাখার বিষয়ে জানতে চাইলে মন্টু তার ভাই সেন্টু জমাদ্দার (৩৮) ও সেলিম জমাদ্দার (৫২) মিলে হুমায়ুনকে মারধর করে। ভাইয়ের মারধরের খবর পেয়ে সেখানে ছুটে যায় জাকির জমাদ্দার।
এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের খবর পেয়ে পার্শবর্তী মোরেলগঞ্জের নিশানবাড়িয়া গ্রাম থেকে মন্টু জমাদ্দারের শ্যালক সোহেল ও মিলনসহ ৭/৮ জন ব্যাক্তি ছুটে এসে ওই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে জাকিরের মাথায় ও বুকে টর্চ লাইট এবং ইট দিয়ে আঘাত করলে তার ঘটনা স্থলেই মৃত্যু হয়।
পরে তাকে রাত পৌনে ৮টার দিকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক ডাঃ তরিকুল ইসলাম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মুত্যু হয়েছে।
শরনখোলা থানার অফিসার ইন চার্জ এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, লাশের সুরাতহাল রিপোর্ট সংগ্রহ করে ময়না তদন্তের ব্যাবস্থা নেয়া হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলা দিলে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
কেএস/বার্তাবাজার