টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে ফের সংঘর্ষ, অস্ত্র গুলিসহ আটক ৬

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২২ নং রইক্ষ্যং রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা উগ্রবাদী সংগঠন আল ইয়াকিন ও মাহাদী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে গুলাগুলির ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ১১জন আহত হয়েছে। এঘটনায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ৬ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ।

আজ দুপুর ১১টায় ২২ নং রইক্ষ্যং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে এই অভিযান পরিচালনা করে ১৬ এবিপিএন। ক্যাম্প পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আনোয়ার জানান, মঙ্গলবার অস্ত্রধারী দুই রোহিঙ্গা উগ্রবাদী সংগঠনের সদস্যরা রইক্ষ্যং পুটিবনিয়া উত্তর-পশ্চিম পাহাড় সংলগ্ন ২২নং ক্যাম্পে সি-ব্লকে নিজেদের অবস্থান জানান দিতে আসে।

এসময় ভোর ৫টায় ২ ঘন্টা ব্যাপী ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে নারী-পুরুষসহ ১১ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ক্যাম্প হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে দুপুর ১১টায় ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত (১৬ এবিপিএন) সদস্যরা অভিযান চালিয়ে ক্যাম্পের রহমত উল্লাহর পুত্র নুর হোসেন, হাবিবুল্লাহর পুত্র জাফর আলম,জহুর মল্লিকের পুত্র মোঃ আলম, আহমদ হোসেনের পুত্র আব্দুর রহমান, নুর হোসেন, আবু সামার পুত্র আবু সাদেক, আব্দু সালামের পুত্র মোঃ আমিন, শাহ আলমের পুত্র মোঃ সাদেক ও বালুখালী ক্যাম্পের নজির আহমদের পুত্র মোঃ আমান উল্লাহকে আটক করে। পরে যাচাই-বাছাই করে ৩ জনকে ছেড়ে দেওয়া হয়। এসময় ২টি দেশীয় বন্দুক, কিরিচ, ৭ রাউন্ড কার্তূজসহ উদ্ধার করা হয়।

আটককৃতদের উদ্ধারকৃত অস্ত্রসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের এই কর্মকর্তা।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর