আলোচিত মা-মেয়ের কোমরে রশি বেঁধে নির্যাতনের ঘটনায় কক্সবাজারের চকরিয়ায় উপজেলার হারবাং ইউপি চেয়ারম্যানসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নির্যাতনের শিকার মা পারভিন বেগম ও তার দুই মেয়ে জামিনে মুক্তি পেয়ে মঙ্গলবার বিকাল ৫টার দিকে চকরিয়া থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলায় যেসব আসামিদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম, উত্তর হারবাং বিন্দারবান খিলের জিয়াবুল হকের ছেলে নাছির উদ্দিন (২৮), মাহবুবুল হকের ছেলে নজরুল ইসলাম (১৯) ও এমরান হোসেনের ছেলে জসিম উদ্দিন (৩২)। এছাড়াও হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলামের বিরুদ্ধে তাদের মারধরের অভিযোগ এনেছেন।
গত ২৪ আগস্ট ভোরে পুলিশ নাছির উদ্দিন (২৮), নজরুল ইসলাম (১৯) ও জসিম উদ্দিনকে (৩২) গ্রেফতার করে। ওই দিনই তাদের চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চালান দেয়া হয়। পরে আদালতের ম্যাজিস্ট্রেট রাজিব কুমার দেব শুনানি শেষে তাদের জেলহাজতে পাঠানো হয়।
এ বিষয়ে চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, মামলা রুজু করা হয়েছে। তারা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম বলেন আমি ঘটনার সময় চট্টগ্রামে ছিলাম। আমি মা-মেয়েকে কোমরে রশি বেঁধে নির্যাতনের ঘটনা মোবাইল ফোনে জানতে পেরে গ্রামপুলিশ পাঠিয়ে গরুসহ তাদের জনতার কবল থেকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করার জন্য সহযোগিতা করি।
পারভিন বেগমের আইনজীবী ইলিয়াছ আরিফ বলেন, এ মামলাটি রুজু হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ চাইলে আসামিদের গ্রেফতার করতে পারবেন।
কেএস/বার্তাবাজার