বেড়াতে গিয়ে সাবেক স্বামীর হাতে খুন আঁখি আক্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে সাবেক স্বামীর হাতে খুন হয়েছেন আঁখি আক্তার নামে এক নারী ।

মঙ্গলবার দুপুরে উপজেলার মোগরাপাড়ার বাড়ি মসলিশ এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অ্যাডিশনাল এসপিসহ ও ক্রাইম সিনের সদস্যরা। বিকেলে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে আঁখির মরদেহ।

সাবেক স্বামী মোগরাপাড়া ইউপির কাইকারটেক মুগারচর এলাকার মফিজুলের ছেলে রুবেল।

পূর্ব পরিচিত নিপা আক্তার বলেন, মঙ্গলবার সকালে সাবেক স্ত্রী আঁখিকে নিয়ে আমার বাড়িতে আসে রুবেল। তাদের দু’জনকে ঘরে বসতে দিয়ে আমি বাড়ির ছাদে যাই। ছাদ থেকে ফিরে রুমে প্রবেশ করার সময় কিছু বোঝার আগেই আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় রুবেল। পরে রুমে ডুকে দেখি গলাকাটা অবস্থায় তার স্ত্রী আঁখির মরদেহ পড়ে আছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ৬ বছর আগে রুবেলের সঙ্গে বন্দর উপজেলার বাদুরী এলাকা নজরুল ইসলামের মেয়ে আঁখির সঙ্গে বিয়ে হয়। তাদের হোমাইরা নামে একটি চার বছরের মেয়ে সন্তান রয়েছে। গত ৩ মাস আগে পারিবারিক কলহের জের ধরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

তিনি জানান, আজ মঙ্গলবার সকালে পূর্ব পরিচিত নিপা আক্তারের বাসায় ডেকে নিয়ে আঁখিকে গলা ও পায়ের রগ কেটে হত্যা করে পালিয়ে যায় রুবেল। হত্যার নমুনা দেখে ধারনা করা হচ্ছে আঁখিকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে।

ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল মর্গে প্রেরণ করা হয়েছে ময়নাতদন্তের জন্য। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জেলার অ্যাডিশনাল এসপি মো. খোরশেদ আলম জানান, হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর