বাবাকে আশ্রয় দেয়ায় প্রতিবেশীদের পিটিয়ে জখম

পিরোজপুরে পিতাকে আশ্রয় দেয়া এক পরিবারের ৩ সদস্যকে পিটিয়ে গুরুতর জখম করেছেন আশ্রয়গ্রহীতার সন্তান ও তার ভাই।

গত শনিবার (২২ আগস্ট) উপজেলা ইন্দুরকানীর দক্ষিণ ইন্দুরকানী গ্রামে নির্মম এ ঘটনা ঘটে।

গুরুতর আহতদের ১জন পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন এবং অন্য ২জন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের সুধীর হালদার (৬৫) বলেন, বিগত ১ বছর ধরে প্রতিবেশী হিমাংশু বৈরাগী তার বাড়িতে বাস করছেন। এ ঘটনায় ক্ষিপ্ত ছিলেন হিমাংশুর ছেলে অসীম বৈরাগী এবং তার ভাই মনতোষ বৈরাগী। তাই একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার(২২ আগস্ট) রাতে স্থানীয় মিলবাড়ীতে হিমাংশুর ছেলে ও তার ভাই পিটিয়ে সুধীর, তার ছেলে বিষ্ণু হালদার (৩৫) এবং স্ত্রী দীপিকা হালদাকে (৫০) গুরুতরভাবে আহত করে।

আশ্রয়গ্রহীতা হিমাংশু জানান, ৯ বছর পূর্বে স্ত্রী মারা যাওয়ার পর ছেলেরা তার খোঁজ খবর না নেয়ায় এবং তার সঙ্গে খারাপ আচরণ করায় তিনি সুধীরের বাড়িতে থাকতেন। এজন্য তার ছেলে এবং ভাই ক্ষিপ্ত হয়ে সুধীরের পরিবারের সদস্যদের ওপর হামলা করেছেন। এ বিষয়ে অভিযুক্ত মনতোষ এবং অসীমের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় ভুক্তভোগীরা এখন পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ দেয়নি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর