রোহিঙ্গা সংকট সমাধানে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে সরকার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (মঙ্গলবার) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও বিআরটিসি কুমিল্লা জোনের কর্মকর্তাদের সাথে অনলাইনে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে সরকার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গা সংকটে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে দেশরত্ন শেখ হাসিনা যে উদারতার পরিচয় দিয়েছেন, তা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।
তিনি বলেন, একদিকে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে কূটনৈতিক তৎপরতা জোরদার করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি ভাসানচরে পুনর্বাসনের প্রস্তুতিও চলছে।
তিনি আরও বলেন, এ সংকটের কারণে আমাদের পরিবেশ, প্রতিবেশ, পর্যটন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ কমে গেলে ১১ লাখ অতিরিক্ত মানুষের বোঝা বাংলাদেশে কীভাবে বইবে? এ বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছি।
বার্তাবাজার/কে.জে.পি