মোবাইল অপারেটরের বিজ্ঞাপনে অভিনয় করে সাড়া দেলে দেয়া সেই ছোট্ট শিশু প্রার্থণা ফারদিন দীঘি খুব কম বয়সেই চলচ্চিত্রে ডাক পেয়েছিলেন। সেখানেও রেখেছিলেন সফলতার সাক্ষর। মা দোয়েল ও বাবা সুব্রত’র কাছ থেকে পাওয়া অভিনয় শৈল্পী দিয়েই তিনি জয় করেছিলেন মানুষের মন।
দাদীমা, চাচ্চু, পাঁচ টাকার প্রেমসহ একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে দীঘি পেয়েছিলেন তারকা খ্যাতি। কিন্তু কিছুদিন পরে নিজের পড়াশোনার জন্য চলচ্চিত্র ও অভিনয় থেকে দূরে ছিলেন তিনি।
সম্প্রতি শোনা যাচ্ছে শাকিব খানের সাথে জুটি বেঁধে আবারও সিনেমায় ফিরছেন। কিন্তু সব কথাই গুঞ্জন হিসাবে উড়ে গিয়েছে। শেষ পর্যন্ত শাপলা মিডিয়ার সাথে কাজ করতে রাজি হয়েছেন দীঘি। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান দীঘিকে দুটি ছবিতে নায়িকা চরিত্রে চুক্তিবদ্ধ করেছেন। এর মধ্যে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ নামের একটি ছবির শুটিংও শুরু হয়েছে। আরেকটির নাম ‘ধামাকা’। দুটি ছবিতেই দীঘির নায়ক শান্ত খান।
দীঘি বলেন, ‘প্রথম থেকেই আমি কোন ছবি করব আর কোনটা করব না তার সিদ্ধান্ত নিতেন মা। মা বেঁচে নেই। এখন আমার সব সিদ্ধান্ত নেন বাবা। শাপলা মিডিয়া এই সময়ে সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান। সেলিম আংকেলও আমাকে মেয়ের মতো স্নেহ করেন। বাবা ভেবে দেখেছেন এই ছবিতে কাজ করলে আমার জন্য ভালো হবে। আমিও বাবার কথায় রাজি হয়েছি।’
শিশুশিল্পী থেকে নায়িকা হয়ে অনেকেই সফল হতে পারেননি। তবে দীঘির ব্যাপারে আশাবাদী প্রযোজক সেলিম খান। তিনি বলেন, ‘বাংলাদেশের আনাচে-কানাচে দীঘির অনেক ভক্ত। তাকে চেনেন না এমন মানুষ কমই পাওয়া যাবে। আমার ধারণা, দীঘিকে নায়িকা রূপে দেখতে চাইবেন তার ভক্তরা। শান্ত ও দীঘি একসময় সফল জুটি হবে বাংলাদেশ চলচ্চিত্রে।’
বার্তাবাজার/এসজে