আশুলিয়ায় একটি ভাড়াবাড়িতে আগুন লেগে ওই বাড়ির ৯টি কক্ষ ও ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালের দিকে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গতকাল সোমবার রাত ২টার দিকে আশুলিয়ার ঘোষবাগ মিয়া বাজার এলাকার দুলাল মিয়ার মালিকানাধীন বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
অগ্নিকাণ্ডের বিষয়ে দুলাল মিয়ার মেয়ের জামাই নুর নবী (৩৯) জানান, ‘হঠাৎ করে আগুন দেখে ডিইপিজেড ফায়ারা সার্ভিসকে খবর দেই। পরে ফায়ার সার্ভিস ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে আসতে আসতে আমাদের ৯টি ঘর ও ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে বাড়ির ভাড়াটিয়া ও আমাদের প্রায় ২৫ লাখ টাকার মালামাল ও নগদ টাকা পুড়ে গেছে’।
এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কী কারণে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পার’।
বার্তাবাজার/এমকে