শ্রমিকদের বেতন না দিয়ে দুই কোটিরও বেশি টাকা নিয়ে উদাও হয়ে গেলেন বাবুল মিয়া নামে এক বাংলাদেশি। ঘটনাটি ঘটে কাতারের রাজধানী দোহাতে। স্থানীয় সময় ২৩ আগস্ট রাতে দেশটির দোহা ফিরোজ আবদুল আজিজ এলাকায় প্রতারক বাবুল মিয়ার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী প্রবাসী শ্রমিকরা।
এই সময় শ্রমিকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন- কাজী লোকমান আজীজ। আরও উপস্থিত ছিলেন- মিজানুর রহমান, মুস্তাফিজুর রহমান, সাইফ উদ্দিনসহ ভুক্তভোগী প্রবাসী শ্রমিকরা। চলতি মাসের ১১ আগস্ট কাতার থেকে গোপনে বাংলাদেশে পালিয়ে আসেন বাবুল মিয়া।
জানা যায়, প্রতারক বাবুল মিয়ার দেশের বাড়ি লক্ষ্মীপুর সদর থানার পারবতিনগর ইউনিয়নের মাছিমনগর গ্রামে। বাবুল মিয়াকে গ্রেফতার করে বিচারের দাবী জানানোর পাশাপাশি ভুক্তভোগী প্রবাসী শ্রমিকদের মজুরি ফেরত পেতে দেশটির বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন শ্রমিকরা।
কেএস/বার্তাবাজার