আদালতের আদেশে অবৈধ চাল পেল অসহায়রা

চোরাই পথে সরকারি খাদ্য গুদামে মজুদ করা হয় চাল। গোপনে সেই খবরে অভিযানে জব্দ হয় ৩.৯৫০ মেট্রিক টন চাল। আদালতের আদেশে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধ সেই চাল বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

উপজেলার আঠারবাড়ি খাদ্য গুদামে অবৈধ ভাবে চাল মজুদ করা হয়েছে এমন খবরে গত ২৬ মে অভিযানে যান উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। ওই সময় এক নম্বর গুদামে প্লাস্টিক ও অন্যান্য বস্তায় প্রায় ৩.৯৫০ মেট্রিকটন চাল পাওয়া যায়।

ওই অবস্থায় চাল জব্দ ও গুদামটি সিলগালা করা হয়। খাদ্য কর্মকর্তার অনিয়মের খবর পেয়ে খাদ্য অধিদপ্তরের মহা পরিচালক সারোয়ার মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। খাদ্যগুদামটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ খাদ্য পরিদর্শক) মো. আশরাফ আলী ও ৭ নিরাপত্তা কর্মীকে প্রত্যাহার করা হয়।

বিষয়টি নিয়ে গত ৩০ মে রাতে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন তৎকালীন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এইচএম কামরুজ্জামান। কিন্তু পুলিশ অদ্যবদি কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

মামলায় জব্দকৃত ৩.৯৫০ মেট্রিক টন চাল বিনামূল্যে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরগঞ্জ থানার এসআই শাওন চক্রবর্তী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। এর প্রেক্ষিতে গত ২৯ জুলাই আদালত জব্দকৃত চাল বন্যায়, নদী ভাঙন ও করোনা ক্ষতি গ্রস্থদের মাঝে বিতরণের আদেশ দেন।

আদালতের আদেশের প্রেক্ষিতে সোমবার দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়নে ব্র‏হ্মপুত্র নদ এলাকায় নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২০ কেজি করে ১৯৭ টি পরিবারে চাল গুলো বিতরণ করা হয়। উচাখিলা ইউনিয়ন পরিষদ চত্বরে অবৈধ চাল আদালতে আদেশনে বিতরণ কাজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, ওসি মোখলেসুর রহমান আকন্দ, উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো. শফিকুল ইসলাম, ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফা, মামলার তদন্তকারী কর্মকর্তা শাওন চক্রবর্তী প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, অবৈধভাবে সরকারি গুদামে চাল মজুদ করার খবরে অভিযান চালিয়ে চাল গুলো জব্দ করা হয়। আদালতের আদেশে সেই চাল গুলো বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর