আগামী সপ্তাহেই দেশে ফিরছেন সাকিব

আগামী সপ্তাহে দেশে ফিরছেন সাকিব আল হাসান। দিন যত যাচ্ছে ততই কমে আসছে সাকিবের নিষেধাজ্ঞার সময়। বাকি আর দু মাস। তাই তো বিকেএসপিতে নিজেকে প্রস্তুত করার মিশন শুরু হবে সাকিব আল হাসানের।

নিষেধাজ্ঞা কটিয়েই শ্রীলঙ্কা সফরে মাঠে ফিরতে পারবেন সাকিব। কিন্তু, এক বছরের নিষেধাজ্ঞায় মরচে পড়তে বাধ্য স্কিলে। ফিটনেসটাও থাকবেনা আগের সে অবস্থায়। তাই চাইলেও, মাঠে নেমে পড়াটা সহজ হবে না সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের জন্য। বাস্তবতাটা জানা আছে তারও। তাই তো, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার দু’মাস আগেই দেশে ফিরছেন সাকিব আল হাসান। নিজেকে প্রস্তুত করার মিশনটা শুরু করতে চান আঁতুড় ঘর থেকে। যেখানে ফয়সাল থেকে তিনি হয়ে উঠেছেন আজকের সাকিব।

বিকেএসপিতে নিজেকে প্রস্তুত করে নিবেন সাকিব। আইসিসির নিয়ম মানতেই এ জায়গাটা বাছতে হয়েছে সাকিবকে। বিকেএসপির ইন্টারন্যাশনাল হোস্টেলের একটি কক্ষ বরাদ্দ দেয়া হয়েছে সাবেক শিক্ষার্থীর জন্য। মাঠে ফিরে আসার প্রস্তুতি সারতে যত ধরণের সুবিধা প্রয়োজন, সব দেয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন গুরু নাজমুল আবেদীন ফাহিম এবং সালাউদ্দিন।

সবকিছু ঠীক থাকলে শ্রীলঙ্কা সিরিজ থেকেই লাল সবুজের জার্সি গায়ে জড়াতে পারবেন সাকিব। তাই, বিকেএসপির অনুশীলনে চোখ রাখবেন জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো ও ফিটনেস কোচ ক্যালিফ্যাতিও।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর