ঝিনাইদহে নিষিদ্ধ ‘আনসার আল ইসলাম’ জঙ্গি সংগঠনের দুই সদস্যকে বোমা তৈরীর সরাঞ্জমসহ গ্রেফতার করেছেন অ্যান্টিটেররিজম ইউনিট (এটিইউ)।
আজ (সোমবার) ভোরে তাদেরকে সদর উপজেলার সাদান্না মঙ্গলপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার সাগান্না মঙ্গলপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে ইনামুল হক (২৪) ও মসজিদ পাড়া এলাকার মৃত আহম্মেদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (২৩)
গ্রেফতারের সময় তাদের সাথে থাকা ২টি মোবাইল ফোন, ২৪টি সিমকার্ড, ৫টি মেমোরি কার্ড এবং বিপুল পরিমাণ বৈদ্যুতিক তারসহ বোমা তৈরির বিভিন্ন উপাদান যেমন, মোবাইল সার্কিট, মোডিফাইড মোবাইলের চার্জার, হোম মেড রিচার্জেবল টর্চ লাইট, মোবাইলের ব্যাটারি, বৈদ্যুতিক সুইচসহ জিহাদি বই ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়।
আজ (সোমবার) দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ সকল তথ্য তুলে ধরা হয়। এ সময় অ্যান্টিটেররিজম ইউনিট (এটিইউ) এর কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে বলা হয়, গ্রেফতারকৃতরা ইসলামি খিলাফাহ প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদি কার্যক্রমে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতরা বেশি শক্তিশালী এক্সপ্লোসিভ বোমা তৈরির বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছে বলেও স্বীকারোক্তি দিয়েছে।
বার্তাবাজার/এসজে